জনসংহতি সমিতির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিভেদপন্থী ষড়যন্ত্র প্রতিরোধের ডাক
রাঙামাটি প্রতিবেদক, সিভয়েস২৪
‘বিভেদপন্থী ও জুম্ম স্বার্থ পরিপন্থী সকল ষড়যন্ত্র প্রতিরোধ করুন, পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের লক্ষ্যে বৃহত্তর আন্দোলনে সামিল হোন’ স্লোগানে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে রাঙ্গামাটি জেলা শাখার আয়োজনে আশিকা কনভেনশন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা’ গঙ্গা মানিক চাকমা। প্রধান অতিথি ছিলেন সাবেক সাংসদ ও সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
উপস্থিত ছিলেন আদিবাসী ফোরামের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা, এম এল লারমা মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি বিজয় কেতন চাকমা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির চাকমা, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সাধারণ সম্পাদক আশিকা চাকমা, জনসংহতি সমিতির সহ সাংগঠনিক সম্পাদক অরুন ত্রিপুরা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক অনেষ চাকমাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচকরা বলেন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির লক্ষ্য হলো সম্প্রদায়গত নির্যাতন, নিপীড়ন ও বৈষম্য বন্ধ করা এবং শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করা। বক্তারা আরও উল্লেখ করেন, পাহাড়ি জনগোষ্ঠীর জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিপীড়িত, বঞ্চিত ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানোই সমিতির প্রধান দায়িত্ব।
পাহাড় সব খবর















